বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান: শাহবাজ শরিফ

টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসি বাংলাদেশকে অন্যায়ভাবে বাদ দেয়ায় পাকিস্তান ভারতের সাথে ম্যাচ বয়কট করে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

বুধবার ইসলামাবাদে মন্ত্রীসভার বৈঠকে তিনি বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা খুব পরিষ্কার অবস্থান নিয়েছি, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোন রাজনীতি থাকা উচিত নয়।”

বাংলাদেশের পাশে থাকার কথা উল্লেখ করে শাহবাজ শরিফ বলেন, “আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের পুরোপুরি বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।”

২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি। ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। তবে, গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার তাদের এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে জানায়, ভারত-ম্যাচ খেলবে না পাকিস্তান দল।

ভারতের সাম্প্রদায়িক উগ্রবাদীদের হুমকির মুখে গত ৩ জানুয়ারি আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স বিসিসিআই এর সিদ্ধান্তে বাংলাদেশের পেস বোলার মুস্তাফিজকে দল থেকে বাদ দেয়। মুস্তাফিজকে বাদ দেওয়ার পর ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। পরদিন আইসিসি’কে অনুরোধ করা হয় বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় রাখার জন্য। কিন্তু বাংলাদেশের এই অনুরোধ আইসিসি প্রত্যাখান করে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ